২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে বাসের ধাক্কায় আহত সাংবাদিকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত স্থানীয় এক সাংবাদিক বুধবার মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত স্থানীয় এক সাংবাদিক বুধবার মারা গেছেন। নিহত ফখরুল ইসলাম রিয়াজ (২৪) জনকণ্ঠের মিরসরাই প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুফিয়া রোড এলাকায় মোটর সাইকেল আরোহী রিয়াজ স্কাই লাইন সার্ভিসের একটি বাসের ধাক্কায় আহত হন। বুধবার বিকাল ৩টায় চট্টগ্রামের হলিক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ মারা যান বলে মিরসরাই সাংবাদিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। নিহত ফখরুল মিরসরাই সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ গ্রামের মৃত আবুল কাশেম মাষ্টারের ছেলে। মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি রাস্তায় রেখে এর চালক ও সহকারী পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করেছে। সাংবাদিক ফখরুল ইসলাম রিয়াজের মৃত্যুতে মিরসরাই সাংবাদিক সমিতি, মিরসরাই প্রেসক্লাব শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/১৯৪০ ঘ.