২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ‘জন্মদিনে’ কেক কাটলেন নেতারা

খালেদা জিয়া সৌদি আরব থাকলেও তার বিতর্কিত জন্মদিন কেক কাটার মাধ্যমে উদযাপন করেছেন বিএনপির নেতা ও কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 07:13 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া সৌদি আরব থাকলেও তার বিতর্কিত জন্মদিন কেক কাটার মাধ্যমে উদযাপন করেছেন বিএনপির নেতা ও কর্মীরা। ১৫ আগস্ট প্রথম প্রহরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ৬৮ পাউন্ডের একটি কেক কাটা হয়। এতে তার দীর্ঘায়ু কামনা করে মোনাজাতও হয়। রাত ১২টায় কেক কাটার সময় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা। দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান. যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খানসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন সেখানে। বিরোধীদলীয় নেতা খালেদা বর্তমানে ওমরাহ পালন করতে সৌদি আরব রয়েছেন। বিএনপির বক্তব্য অনুযায়ী, বুধবার ৬৮ বছরে পা দিয়েছেন খালেদা জিয়া। তবে তার এ জন্মদিন নিয়ে বিতর্ক রয়েছে। কারণ তার আরো জন্ম তারিখের হদিসও পাওয়া যায়। ১৯৯৪ সাল থেকে খালেদা জিয়া ১৫ অগাস্ট তার জন্মদিন পালন করে আসছেন। আওয়ামী লীগ মনে করে, ‘বিতর্কিত’ এই জন্মদিন পালনের মধ্য দিয়ে খালেদা জিয়া দৃশ্যত ১৫ অগাস্ট হত্যাকাণ্ড ‘উদযাপন’ করে থাকেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নীতিনির্ধারকরা বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনে খালেদার স্বামী জিয়াউর রহমানের ইন্ধন ছিল। এদিকে বুধবার বিকালে নয়া পল্টনে ঢাকা মহানগর বিএনপি কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। খালেদার জন্ম ১৯৪৫ সালে। তার বাবার নাম এস্কান্দর মজুমদার। মা বেগম তৈয়বা মজুমদার। পৈত্রিক নিবাস ফেনীর ফুলগাজী গ্রামে হলেও খালেদার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে। ১৯৬০ সালের অগাস্ট মাসে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় খালেদার। জিয়া পরে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন। তারেক রহমান পিনো ও আরাফাত রহমান কোকো তাদের দুই সন্তান। ১৯৮১ সালে ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতির অঙ্গনে পা রাখেন খালেদা। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং ’৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। স্বৈরশাসক এরশাদবিরোধী আন্দোলনে শেখ হাসিনার পাশাপাশি খালেদা জিয়ার বলিষ্ঠ ভূমিকা ছিল। বিশ্লেষকরা বলেন, ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া বিএনপির জনভিত্তি তৈরি করে দেন খালেদাই। ১৯৯১ সালে সংসদ নির্বাচনের মাধ্যমে খালেদা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্তও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০১০৯ ঘ.