২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ‘ট্রেনডাকাতকে’ গণপিটুনি

সীতাকুণ্ডে তিনজন গণপিটুনির শিকার হয়েছে, যারা চলন্ত ট্রেন থেকে ডাকাতি করে পালাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 04:33 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে তিনজন গণপিটুনির শিকার হয়েছে, যারা চলন্ত ট্রেন থেকে ডাকাতি করে পালাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড রেল স্টেশনের অদূরে নুনাছড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। গণপিটুনির শিকার তিনজন হলেন- মো. সালাম (৩০), শফিকুল ইসলাম বাবু (২৮) ও মো. মনির (৩১)। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনের ট্রেন কন্ট্রোলার রুমে রেলওয়ে স্টাফদের সঙ্গে কয়েকজন যাত্রী ছিল। ডাকাতরা ওই কক্ষ থেকে যাত্রী ও কর্মচারীদের মালামাল ছিনিয়ে নেয়। “নুনাছড়া এলাকায় একটি ভাঙ্গা রেল সেতু অতিক্রমের সময় ট্রেনটি ধীর গতিতে চলছিল, তখন ডাকাতরা ট্রেন থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়রা তাদের ধরে মারধর করে।” সন্দেহভাজন ওই ডাকাতদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে জাহাঙ্গীর নামে একজন আহত হন বলেও জানান পুলিশ কর্মকর্তা নজরুল। খবর পেয়ে পুলিশ তিন ডাকাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। তাদের কাছ থেকে একটি মোবাইল সেট, একটি কাপড়ের ব্যাগ এবং কিছু কাপড় উদ্ধার করা হয়েছে বলে নজরুল জানান। এই বিষয়ে জিআরপি থানার ওসি আবু তাহের বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, “সীতাকুণ্ড থানা পুলিশ বিষয়টি আমাদের জানিয়েছে।” বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/ইউএস/এমআই/২২২৮ ঘ.