নওগাঁ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ শহরে এক গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার দেবরকে প্রাণ দিতে হল দুর্বৃত্তের হাতে।
গত ৪ অগাস্ট তুহিনকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এলাকার চার সহোদর। সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তুহিন শহরের শেখপুরা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের পরিবারের বরাত দিয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, শেখপুরা এলাকার বখাটে জাহাঙ্গীর আলম (২৭) কিছুদিন ধরে তুহিনের ভাবিকে উত্ত্যক্ত করছিল।
গত ৩ অগাস্ট ওই গৃহবধূ øান করার সময় জাহাঙ্গীর তাদের বাড়ি ঢুকে বাথরুমের দরজা ভাঙার চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে দেবর তুহিন এবং শাশুড়ি এগিয়ে এলে জাহাঙ্গীর পালিয়ে যান।
পরদিন সকালে জাহাঙ্গীর আবার তাদের বাড়ি গিয়ে ওই গৃহবধুর শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় আবারো তুহিন বাধা দেন।
এর কিছুক্ষণ পর জাহাঙ্গীর ও তার তিন ভাই মানিক হোসেন (৩০), মো. বিপ্লব (৩৩) ও আলমগীর হোসেন (৩৬) এসে ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে কুপিয়ে মারাত্মক জখম করে চলে যায়।
সঙ্গে সঙ্গে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
ওসি আরো বলেন, এ জাহাঙ্গীর ও তার ভাইদের আসামি করে নওগাঁ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৭ ঘ.
bdnews24