২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যের সাজা ভোগ হাই কোর্ট থেকে তাত্ক্ষণিক মুক্ত জাকির

হাই কোর্টের আদেশে তাত্ক্ষণিকভাবে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জের মো. জাকির হোসেন, নামে মিল থাকায় ২০০৭ সালের ১০ ডিসেম্বর থেকে যিনি অন্যের হয়ে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 09:20 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্টের আদেশে তাত্ক্ষণিকভাবে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জের মো. জাকির হোসেন, নামে মিল থাকায় ২০০৭ সালের ১০ ডিসেম্বর থেকে যিনি অন্যের হয়ে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং ফরিদ আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়। আদালত পাশাপাশি তার কারাবাসকে অবৈধ ঘোষণা করে। একইসঙ্গে ছয়মাসের মধ্যে জাকিরকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে তিন পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হযেছে। পুলিশ পরিদর্শক এম এ রাজ্জাক, দুই উপ-পরিদর্শক মো. খোরসেদ আলম এবং মো. সহিদুল ইসলামকে জরিমানার এই টাকা দিতে হবে। আদেশে এই পুলিশ কর্মকর্তাদের ‘অপরাধ’ তদন্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়। ‘এই জাকির যে সেই জাকির (দণ্ডপ্রাপ্ত) নয়, তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে’ উল্লেখ করে আদালত প্রকৃত জাকিরকে খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। মুক্তি পেয়ে জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারের সময় আমি নিজেকে নির্দোষ দাবি করলে পুলিশ কর্মকর্তা সহিদুল আমাকে বলেছিলেন, আমি জানি তুমি নির্দোষ। কিন্তু আমার কিছু করার নেই। তোমাকে গ্রেপ্তার করতে হবে।” “এই কারাবাসের কারণে আমার জীবনে অনেক কষ্ট নেমে এসেছে। দুই সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। খুন হওয়া ব্যক্তি বা মামলা সম্পর্কে আমি কিছুই জানি না”, বলেন জাকির। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা দুটি প্রতিবেদন সোমবার আদালতে উপস্থাপন করেন। এই মামলায় ‘অস্তিত্বহীন’ আসামির নামে অভিযোগপত্র দেওয়ায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক এম এ রাজ্জাকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক এবং ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করায় আড়াইহাজার থানার সেই সময়ের উপ-পরিদর্শক মো. সহিদুল ইসলামের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় জেলা প্রশাসনের প্রতিবেদনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা হিসাবে উপ-পরিদর্শক মো. খোরসেদ আলমের নামও উল্লেখ করা হয়। জেলা প্রশাসকের প্রতিবেদনে বলা হয়, “চার্জশিটে ‘আসামি জাকির, পিতা-সামসুদ্দিন, সাং-সত্যবান্দি বেপারীপাড়া’ নামে যাকে অভিযুক্ত করেছেন, বাস্তবে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। গ্রেপ্তার হয়েছেন মো. জাকির হোসেন, পিতা-সামসুল হক, সাং-হাটখোলা বেপারীপাড়া, (হাজতি পরোয়ানায় মো. জাকির হোসেন, পিতা সামসুদ্দিন, সাং-সত্যবান্দি মোল্লাপাড়া লেখা আছে) আড়াইহাজার, নারায়ণগঞ্জ।” এ মামলায় ইতোমধ্যে আদালতের রায় হলেও প্রকৃত খুনিকে খুঁজে বের করতে পুলিশ বিভাগকে অধিকতর তদন্ত করার নির্দেশ দেওয়া যেতে পারে বলেও উল্লেখ করেছেন জেলা প্রশাসক। স্থানীয় তদন্তের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়,“গ্রেপ্তার হয়ে সাজা ভোগকারী জাকির সম্পূর্ণ নির্দোষ। ছোট বেলায় তার মা মারা যান। তার বাবা মৃত শামসুল হকও ছিলেন গরিব লোক। জাকির অবহেলার মধ্যে বড় হন।... গ্রেপ্তার হওয়ার পর সে গরিব বিধায় কোনো তদবির করতে পারেনি। তদবির করার সঙ্গতি বা লোকও তার ছিল না। তাই নির্দোষ হয়েও সে জেল খাটছে।” ২১ জুন বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘একজনের যাবজ্জীবন খাটছেন অন্যজন’ শীর্ষক একটি প্রতিবেদন নজরে এলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চ জাকিরের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে। পরে ১৫ জুলাই আদালত জাকিরকে হাজির করার আদেশ দেয়। এরপর কয়েক কার্যদিবস এ নিয়ে শুনানি হয়। প্রতি শুনানিতেই জাকির উপস্থিত ছিলেন। ১৯৯১ সালের ১১ নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বাজবী এলাকায় ছিনতাইকারীদের হাতে ভিকচান মিয়া নামের এক ব্যক্তি নিহত হওয়ার মামলায় সত্যবান্দী বেপারীপাড়ার সামসুদ্দিনের ছেলে জাকির হোসেনকে অন্যতম আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই মামলায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত জাকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই মামলায় ২০০৭ সালের ১০ ডিসেম্বর পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে। জাকির বর্তমানে রয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। আর দণ্ডপ্রাপ্ত ‘আসল’ জাকির এখনো মুক্ত অবস্থায় রয়েছেন বলে পত্রিকার প্রতিবেদনে বলা হয়। তবে জেলা প্রশাসকের প্রতিবেদনে বলা হয়, দণ্ডিত জাকিরের যে ঠিকানা উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় ওই নামে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, আসামির পিতার নাম ‘সামসুদ্দিন’ হওয়ার পরও হাটখোলা বেপারীপাড়ার সামসুল হকের ছেলে জাকিরকে গ্রেপ্তার করে কেন কারাগারে পাঠানো হলো, তা বোধগম্য নয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনও তুলে ধরেন। ভোটার তালিকা পরীক্ষা এবং স্থানীয় তদন্তেও হাজতি ব্যক্তি ওই মামলার প্রকৃত আসামি নয় বলে প্রমাণ পাওয়া গেছে বলে উভয় প্রতিবেদনে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫১৫ ঘ.