২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভে ইন্ধনে কোচিং সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

“আমার কাছে তথ্য আছে যে কোচিং সেন্টারগুলো ছাত্রদের বিক্ষোভে নামাচ্ছে। তারা পুরনো পদ্ধতি ফিরিয়ে আনার কথা বলে ছাত্রদের মাঠে নামাচ্ছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 06:02 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

নুরুল ইসলাম হাসিব জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পদ্ধতি নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিক্ষোভে কোচিং সেন্টারগুলোর ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। তিনি সোমবার বলেছেন, “আমার কাছে তথ্য আছে যে কোচিং সেন্টারগুলো ছাত্রদের বিক্ষোভে নামাচ্ছে। তারা পুরাতন পদ্ধতি ফিরিয়ে আনার কথা বলে ছাত্রদের মাঠে নামাচ্ছে।” ভর্তি পরীক্ষার বদলে এই বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে রোববার স্বাস্থ্যমন্ত্রী জানালে পরক্ষণেই চট্টগ্রামে বিক্ষোভ হয়। ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে সোমবার ঢাকাসহ কয়েকটি জেলায় বিক্ষোভ হয়। ঢাকায় বিক্ষোভকারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে চার ঘণ্টা সড়ক অবরোধের পাশাপাশি এই আন্দোলন চালিয়ে যেতে একটি কমিটিও গঠন করেছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এদিনই ইউনুস আলী নামে এক আইনজীবী হাই কোর্টে রিট আবেদন করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকেও এনিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রস্তুতি নেওয়ার পরও অনেক শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হারাবে বলে বিক্ষোভকারীরা বলে এলেও স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, নতুন পদ্ধতিতে ‘মানসম্পন্ন’ ভর্তি নিশ্চিত হবে। রুহুল হক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়গুলোর ডিন ও বিএমএ নেতাদের সঙ্গে আলোচনা করেই নতুন পদ্ধতিতে ভর্তির সিদ্ধান্ত হয়েছে। এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। “এখন হাজার হাজার শিক্ষার্থী গোল্ডেন জিপিএ পাচ্ছে। সারাদেশের হাজার হাজার শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেওয়া ও তদারকি করা কঠিন হয়ে পড়েছে,” বলেন তিনি। মন্ত্রী হিসাব দেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একজন ছাত্রকে ৮১ ঘণ্টা বসে পরীক্ষা দিতে হয়। “তাদের মেধা বিবেচনায় এটাই যথেষ্ট,” বলেন তিনি। ওই দুই পরীক্ষায় বিভিন্ন বোর্ড ভিন্ন ধরনের প্রশ্ন করায় ছাত্রদের মেধা যাচাই সমান হয় না বলে যে যুক্তি এসেছে, তা নাকচ করে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের বিশ্লেষণে ঢাকার ও বাইরের ফলাফলের মান ভিন্ন পাওয়া যায়নি। ভর্তি পরীক্ষা না নেওয়ায় অভিভাবকদের অর্থ সাশ্রয়ের দিকটি তুলে ধরে রুহুল হক বলেন, “ভর্তি পরীক্ষার কারণে শিক্ষার্থীদের কোচিংয়ের জন্য রাজধানীতে আসতে হয় এবং ছেলে-মেয়েদের থাকার জন্য তাদের অভিভাবকদের বাসা ভাড়া করতে হয়।” রিট আবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুসরণ করবেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়ায় তারা বিপাকে পড়েছেন। কারণ অনেকে শুধু মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এদিকে সরকারের এই সিদ্ধান্ত গ্রহণের আগে পাবলিক পরীক্ষাগুলো মানসম্মত কি না, তা যাচাই করে দেখা উচিত ছিল বলে মত দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক রশিদ-ই মাহবুব। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে নিজেদের জিপিএ-এর ছোট ঘাটতি পূরণ করতে সক্ষম, তারা এই সিদ্ধান্তের কারণে বঞ্চিত হবে।” মেধাবী ছাত্ররা যেন বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএমএ’র সাবেক সভাপতি মাহবুব। সরকারের এই পদক্ষেপ নিয়ে ফেইসবুকে বিভিন্ন মন্তব্য করেছেন বিভিন্নজন। ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র, বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত মো. জাহিদুল ইসলাম লিখেছেন, “যেখানে ভর্তি পরীক্ষার মান উন্নত করা উচিৎ, সেখানে সরকার ভর্তি পরীক্ষা বন্ধ করছে, বিষয়টি সন্দেহজনক।” চট্টগ্রামের ভর্তিচ্ছু সাব্বির হাসান সরকার তার ফেইসবুক পাতায় লিখেছেন, “এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এক বছর আগে ঘোষণা দিতে হবে। এখন আমরা মেডিকেলে ভর্তির সুযোগ না পেলে এর দায় কে নেবে?” বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন এবং বেসরকারি ডেন্টাল কলেজগুলোতে ৮৭০টি আসন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এমআই/২৩৫৭ ঘ.