খুলনা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক কারারক্ষীর পিটুনিতে আহত খুলনা কারাগারের জেলার রফিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোরে কারাগারের ভিতর কোয়ার্টারে ঢুকে ঘুমন্ত জেলারকে পেটান কারারক্ষী আনোয়ার হোসেন হিদু।
রফিকুলের অভিযোগ, রোববার কারারক্ষী আনোয়ার হোসেন হিদুকে বরিশাল জেলা কারাগারে বদলি করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে হিদু এ হামলা ঘটিয়ে থাকতে পারে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের ডিউটি শেষ করে তিনি ভোরে বাসায় ফিরে ঘুমাচ্ছিলেন। সকালে হিদু এসে বাসায় কড়া নাড়লে স্ত্রী দরজা খুলে দেন। তারপর ঘরে ঢুকে হিদু কোমড় থেকে মোটা কাঠের লা বের করে তাকে পেটাতে শুরু করেন।
এ সময় রফিকুল ও তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এলে হিদু দৌড়ে জেল সুপারের কক্ষে গিয়ে আশ্রয় নেন।
রফিকুল বলেন, তার বাম হাতের একটি আঙুল ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
এদিকে কারারক্ষী হিদুকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে রফিকুল বলেন, সুস্থ হয়েই তিনি এ ব্যাপারে মামলা করবেন।
কারা কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে কারারক্ষী আনোয়ার হোসেন হিদুকে শাস্তিমূলকভাবে বাগেরহাট জেলা কারাগার থেকে খাগড়াছড়ি কারাগারে বদলি করা হয়েছিল। সেখান থেকে ৫/৬ মাস আগে তিনি খুলনা জেলা কারাগারে বদলি হয়ে আসেন।
খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেল সুপার সুবোধ রঞ্জন সাহা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
হিদুকে আটকের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মামলার পরই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে জেল সুপার সুবোধ রঞ্জন সাহার সঙ্গে কথা বলতে টেলিফোন ও মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৩৫ ঘ.
bdnews24