ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি না করে আলাদা পরীক্ষা নেওয়ার দাবিতে চার ঘণ্টা সড়ক অবরোধের পর সচিবালয়ে অবস্থানের কর্মসূচি দিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
এইচএসসিতে প্রাপ্ত জিপিএ-এর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী জানানোর পরদিন সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা সড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে ওই শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অভিভাবকরাও ছিলেন।
এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ওই শিক্ষার্থীরা একটি কমিটিও করেছে। ওই কমিটির আহ্বায়ক নাজমুল হক সন্ধ্যার পর প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের জানিয়েছেন, দাবি বাস্তবায়নে মঙ্গলবার সচিবালয়ের সামনে অবস্থান করবেন তারা।
সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবেন ওই শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে সচিবালয়ে যাবেন।
সোমবারও দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর জাতীয় প্রেসক্লাবের সামনে আসেন ভর্তিচ্ছু এই শিক্ষার্থীরা। রাত পৌনে ৮টা পর্যন্ত অবরোধ চালিয়ে যান কয়েকশ শিক্ষার্থী। এই সময়ে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।
এতদিন মেডিকেল ও ডেন্টালে ভর্তিতে পরীক্ষা হলেও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক রোববার জানান, চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রোববারই চট্টগ্রামে বিক্ষোভ হয়। সোমবার সংগঠিত বিক্ষোভ হয় ঢাকায়। এছাড়া চট্টগ্রাম, দিনাজপুরসহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। একই দাবিতে কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
মেডিকেলে জিপিএ-এর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত বাতিল করে ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে আন্দোলন পরিচালনার জন্য ঢাকায় যে নির্বাহী কমিটি হয়েছে, তাতে ১৬ জনকে সদস্য করা হয়েছে।
মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করে আহ্বায়ক নাজমুল বলেন, “স্বাস্থ্যমন্ত্রী আমাদের আন্দোলনকে গুটিকয়েক শিক্ষার্থীর আন্দোলন বলেছেন, আমরা এর তীব্র নিন্দা জানাই।”
প্রেসক্লাবে অবস্থানে অংশ নেওয়া সৈকত মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত প্রহসনমূলক। এ সিদ্ধান্ত নিলে তা এক বছর আগেই নেওয়া উচিত ছিল।”
গত বছর মেডিকেলে ভর্তি হতে না পেরে এবার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন জানিয়ে তিনি বলেন, “এখন আমাকে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিতে না দিলে আমি কোথায় যাব? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি না নিয়ে মেডিকেলের জন্য লেখাপড়া করেছি। এখন আমার শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।”
আরেক শিক্ষার্থী ফেরদৌসী আরা বলেন, “অন্তত সাত হাজার শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ করে রয়েছে। তাদের মধ্য থেকেই ভর্তির জন্য বাছাই করা হবে। যাদের জিপিএ একটু কম, তারা তাহলে কী করবে? ভর্তি পরীক্ষার সময় কাছাকাছি চলে এসেছে। তাই এখন তো আর বুয়েট বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়া যাবে না।”
“আমাদের মেধা যাচাইয়ের সুযোগ দেওয়ার জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হোক,” বলেন তিনি।
আগামী ১২ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে। অন্য বছর মেডিকেলে ভর্তি পরীক্ষাও কাছাকাছি সময়ে হয়ে থাকে। গত বছর ২৩ সেপ্টেম্বর সারাদেশে একযোগে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা হয়।
বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে।
এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।
এছাড়া নয়টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে। এছাড়া ১৪টি প্রাইভেট ডেন্টাল কলেজে আসন রয়েছে ৮৭০টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচএ/এইচএএইচ/এমআই/১৯৫৩ ঘ.
bdnews24