বংশালে শিশুর লাশ উদ্ধার
রাজধানীর বংশাল থানা এলাকায় একটি টিনশেড ঘরের ওপর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর আড়াইটার দিকে ১২/১২ বছরের শিশুর লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। তার পরিচয় জানা যায়নি।
বংশাল থানার ওসি (তদন্ত) মো. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বংশাল রোডের এক দোকানের ওপর শিশুটির লাশ পাওয়া যায়। শিশুটির শরীরের কোথায়ও কোনো আঘাতে চিহ্ন নেই। তার গায়ে ছিল গেঞ্জি ও ফুলপ্যান্ট।
রোববার রাতের কোনো এক সময় শিশুটি চুরি করার উদ্দেশ্যে ওই টিনশেড দোকানের ওপর ওঠার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় বলে ওসি মনে করছেন।
ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
