লন্ডন, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুধা ও দারিদ্র্য মোকাবেলায় বৈশ্বিক কর্মপন্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার লন্ডনে পুষ্টি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
অলিম্পিকের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট মাইকেল টিমারও বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রী বলেন, “দারিদ্র্য ও ক্ষুধা কোনো একটি দেশের সমস্যা নয়, বরং এর প্রভাব বিশ্বের সর্বত্র। এ জন্য এসব বিষয়ে বৈশ্বিক এবং জাতীয় পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নে গোটা বিশ্বের সম্পদের ব্যবহার, অভিজ্ঞতা বিনিময়, গবেষণা ও প্রযুক্তি প্রয়োগের ব্যাপারে গোটা বিশ্বকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে।”
ক্ষুধা এবং অপুষ্টি মোকাবেলায় সমন্বিত আঞ্চলিক ও বৈশ্বিক উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি।
শেখ হাসিনা বলেন, “আমাদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এসব উদ্যোগের মধ্যে খাদ্যশস্যের আঞ্চলিক মজুত, খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ না করা বা কোনো কারণে নিষেধাজ্ঞা থাকলে সে ক্ষেত্রে অগ্রাধিকারমূলক সুযোগের নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকতে হবে।”
পণ্যের অস্বাভাবিক লেনদেন ও পণ্য বাণিজ্যিকীকরণ কার্যকরভাবে মোকাবেলায় বৈশ্বিক ঐকমত্যের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৮-০৯ সালে খাদ্য ঘাটতির কারণে মূল্যবৃদ্ধি পেয়েছিল এবং রফতানির ওপর খাদ্য রপ্তানিকারক দেশগুলোর নিষেধাজ্ঞার প্রভাব ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল। এতে কৃষক ও ভোক্তা উভয়কে ভোগান্তি পোহাতে হয়েছিল।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে ১০ শতাংশ উৎপাদনশীলতা কমে যায়। এতে প্রায় ৪০ লাখ মেট্রিক টন খাদ্যশস্যের উৎপাদন হ্রাস পায়, যার মূল্য প্রায় ২৫০ কোটি ডলার।
“এর পরিমাণ হচ্ছে জিডিপির প্রায় ২ দশমিক ৫ শতাংশ। এর সঙ্গে সম্পদ ও অনুরূপ অন্যান্য যোগ হলে বাংলাদেশের এই ক্ষতির পরিমাণ হবে জিডিপি’র ৩ থেকে ৪ শতাংশ।”
“এই ক্ষতি থেকে রেহাই পাওয়া গেলে আমাদের জিডিপি প্রবৃদ্ধি সহজেই অনেক বেশি হত। এতে অর্থনৈতিক ভিত দৃঢ় হত, কর্মসংস্থান বাড়ত, খাদ্য উৎপাদন ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ত,” বলেন শেখ হাসিনা।
অপুষ্টিকে রোগ-বালাইয়ের বড় কারণ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোতে প্রায় ১৪ কোটি ৬০ লাখ শিশু মারাত্মক ও ধারাবাহিক খাদ্যাভাবের কারণে কম ওজন নিয়ে জন্মায় এবং এসব দেশের প্রাক-স্কুলগামী ১৪ কোটি ৭০ লাখেরও বেশি শিশু অনাহারের শিকার।
আন্তর্জাতিক ক্ষুধা সূচক অনুযায়ী বিশ্বের মধ্যে দক্ষিণ এশিয়ায় শিশু অপুষ্টির হার সর্বাধিক এবং বিশ্ব শিশু অপুষ্টিতে বাংলাদেশের হার ৬ শতাংশ, এই তথ্যও বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
অপুষ্টি মোকাবেলায় সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সরকারের বাস্তবসম্মত নীতি ও পদক্ষেপের ফলে দৈনিক ১৮০৫ ক্যালরিরও কম খাদ্য গ্রহণকারী লোকের সংখ্যা কমানো সম্ভব হয়েছে।
“২০১৫ সাল নাগাদ আমরা এমডিজির ১৪ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছি। বর্তমান সরকারের গত সাড়ে তিন বছরে আমরা অপুষ্টির হার ৪২ শতাংশ থেকে ৩৬ শতাংশে কমাতে সক্ষম হয়েছি এবং অনাহার ৪৩ শতাংশ থেকে ৪১ শতাংশে নেমে এসেছে।”
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ২০১৫ সাল নাগাদ বাংলাদেশে কম ওজনের শিশুর হার ৩৬ দশমিক ৫ শতাংশে হ্রাস পাবে, যা ক্ষুধার বিরুদ্ধে জাতিসংঘ সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনকে এগিয়ে নেবে।
শিশুর পাশাপাশি মাতৃস্বাস্থ্যের উন্নয়নেও সরকার সফলভাবে কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এসইউএম/এমআই/০০৪১ ঘ.
bdnews24