রেললাইনের পাশে লাশ: আরেকটি তদন্ত কমিটি হবে
গাজীপুরে রেললাইনের পাশে লাশ পাওয়ার ঘটনা তদন্তে আরেকটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রেলপথ ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
গাজীপুরে রেললাইনের পাশে লাশ পাওয়ার ঘটনা তদন্তে আরেকটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রেলপথ ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসককে এ নির্দেশ দেন বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের।
এর আগে শনিবার একটি কমিটি গঠন করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শাহনওয়াজ দিলরুবা খানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। সোমবার কমিটির অপর দুই সদস্যের নাম চূড়ান্ত করে পত্র দেওয়া হবে।
অপর সদস্যরা হবেন অতিরিক্তি পুলিশ সুপার ও রেলওয়ে থানার ওসি পদ মর্যাদার, বলেন তিনি।
রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোস্তফার নেতৃত্বে তিন সদস্যের কমিটির অপর সদস্যরা হলেন রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. শাহজাহান মিয়া এবং রেল পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) মো. সোহরাব হোসেন।
ওই কমিটিকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গত এক মাসে রেল লাইনের পাশে ১২টি লাশ উদ্ধার নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশের দুদিন পর শনিবার সকালে সদর উজেলার মীরেরগাঁও এলাকা পরিদর্শনে যান রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের।
গত বৃহস্পতিবার ওই এলাকায় রেল লাইনের পাশে তিনটি লাশ পাওয়া যায়। এছাড়া ওই এলাকায় দেড় কিলোমিটারের মধ্যে গত এক সপ্তাহে পাঁচটি এবং এক মাসে ১২টি লাশ পাওয়া গেছে।
শনিবার মন্ত্রী এলাকা পরিদর্শন করে যাওয়ার কয়েকঘণ্টা পর কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের রতনপুরে রেললাইনের পাশে একটি জলাশয়ে অজ্ঞাত পরিচয় আরেক যুবকের (২৮) লাশ পাওয়া যায়।
এই মৃত্যুগুলোর সঠিক কারণ খুঁজে পাওয়া না গেলেও এর পেছনে ছিনতাইয়ের যোগসূত্র রয়েছে বলে স্থানীয়দের ধারণা।
