বান্দরবান, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারী বর্ষণে বান্দরবান-কেরানীহাট সড়কে দস্তিদার হাট এলাকায় পানি ওঠায় রোববার সারাদিন যান চলাচল ব্যাহত হয়েছে।
স্থানীয় পরিবহনগুলো জলমগ্ন অংশের দু’পাড়ে পৃথকভাবে চলাচল করলেও দূরপাল্লার গাড়িগুলো চলেনি।
স্থানীয়রা জানিয়েছে, শনিবার রাত থেকে অবিরাম ভারী বর্ষণের ফলে এ সড়কের দস্তিদারহাট এলাকায় প্রায় ৫০ ফুট অংশ ডুবে গেছে।
এ কারণে সকাল থেকে বান্দরবান-চট্টগ্রাম, বান্দরবান-কক্সাবাজার, বান্দরবান-ঢাকার সব ধরনের যান চলাচল বন্ধে হয়ে যায়। তবে দুপুর ১২টার পর কিছু কিছু যানবাহন চলাচল করেছে।
বান্দরবানের পূরবী চেয়ার কোচ সার্ভিস কাউন্টারে কর্মরত মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তায় পানি ওঠায় তাদের বাস সার্ভিস বন্ধ রয়েছে।
বান্দরবান মৃত্তিকা ও পানি সংরক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মো. শামীম বলেন, রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24