২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীকে ধর্ষণ: ডিএনএ ও রাসায়নিক পরীক্ষার নির্দেশ

মুন্সীগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় ডিএনএ এবং জব্দ করা আলামতের রাসায়নিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 11:33 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় ডিএনএ এবং জব্দ করা আলামতের রাসায়নিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও ফরিদ আহমেদের বেঞ্চ রোববার এই আদেশ দেয়। আদালত বলেছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে পরীক্ষা শেষ করে প্রতিবেদন দিতে হবে। ওইদিনই মামলার পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে। মুন্সীগঞ্জে ধর্ষণের ঘটনায় মামলা না হওয়ায় গত ২ অগাস্ট লৌহজং থানার ওসি মো. আব্দুল মালেক, ওসি (তদন্ত) একেএম মাসুদ খান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মনির হোসেনকে তলব করে হাই কোর্ট। সে অনুযায়ী ওই তিন জন রোববার সকালে হাজির হলে আদালতে তাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখে। আদালতের নির্দেশনা অনুযায়ী ধর্ষণের শিকার কিশোরীকেও নিয়ে আসে পুলিশ। সঙ্গে তার মাও ছিলেন। বাক প্রতিবন্ধী ওই কিশোরীর মা আদালতে বক্তব্য রাখেন। শুনানি শেষে ১০ অক্টোবর পর্যন্ত মেয়েটিকে মিরপুরের ভবঘুরে আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ দেয় আদালত। পুলিশের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম এ খালেক। বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ, আর মনির হোসেনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মন্টু চন্দ্র ঘোষ। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার এবং রিট আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন। পুলিশ আদালতে জানায়, তারা ইতোমধ্যে মামলা দায়ের করেছে। এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মেয়েটির পোশাক, ধর্ষণের সময় ব্যবহৃত বিছানা চাদর আদালত হিসাবে জব্দ করা হয়েছে। মুন্সীগঞ্জের আওয়ামী লীগ নেতা মনির হোসেন আদালতে দাবি করেন, পত্রিকায় ওই ধর্ষণের ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তাকে যেভাবে জড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের জন্য তিনি চেষ্টা করেছেন বলেও দাবি করেন। গত ১ অগাস্ট দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘লৌহজংয়ে প্রতবন্ধী ধর্ষিত, আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে থানায় বসে রফা’ শিরোনামের একটি সংবাদ যুক্ত করে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী হাই কোর্টে এই আবেদন করেন। ওই প্রতিবেদনে বলা হয়, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের সিংহের হাটিগ্রামে রাস্তা থেকে তুলে নিয়ে বাকপ্রতিবন্ধী সেই কিশোরীকে শিপন বেপারী নামে এক ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের পর ওই কিশোরীকে রাস্তার পাশে ফেলে রাখা হয়। পরে লৌহজং থানা পুলিশ আহত ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। “ওইদিন রাতে লৌহজং থানায় ওসির কক্ষে কনকসার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনির হোসেন মাস্টারের নেতৃত্বে অওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘটনায় কোনো মামলা দায়ের না করে উল্টো হুমকি-ধমকি দিয়ে ধর্ষিতাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় দেওয়া হয়”, বলা হয় প্রতিবেদনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭২৫ ঘ.