২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অর্থ আইনের ধারা সংশোধনের দাবি

ব্যবসাবান্ধব করে নতুন অর্থ আইনের কয়েকটি ধারা সংশোধনে সংলাপ আয়োজনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসাবান্ধব করে নতুন অর্থ আইনের কয়েকটি ধারা সংশোধনে সংলাপ আয়োজনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে পাঠানো এক চিঠিতে চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম এ আহ্বান জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। চেম্বার সচিব ওসমান গণি চৌধুরী সাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ৫২ এর উপধারা ১ অনুযায়ী স্থানীয় এলসির বিপরীতে সর্বোচ্চ ৫ শতাংশ হারে উৎসে কর কর্তন, ধারা ১৬ সিসিসি-এর অধীনে টার্নওভার ট্যাক্স ও ৮২ সি ধারার অধীনে চূড়ান্ত করদায় নির্ধারণ রাজস্ব আদায়ের কৌশল মনে করা হলেও দেশের শিল্পপতি, উৎপাদনকারী, আমদানিকারক ও ব্যবসায়ী মহলে তা ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। উপরোক্ত সিদ্ধান্তের কারণে বিভিন্ন শিল্পের কাঁচামাল এবং চাল, ডাল ও গমসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানীয় এলসির মাধ্যমে সরবরাহ করার ক্ষেত্রে চরম সংকট তৈরি করতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়। যথাযথ বিশ্লেষণ করে ওই ধারাসমূহের ব্যবসা ও রাজস্ববান্ধব সংশোধনী আনতে চিঠিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট সবার সমন্বয়ে একটি ‘জাতীয় সংলাপ’ অনুষ্ঠানের আহবান জানান চেম্বার সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এএল/২০৫৭ ঘ.