চট্টগ্রাম, অগাস্ট, ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর অক্সিজেন আবাসিক এলাকায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের বাড়িতে গ্যারেজে রাখা একটি গাড়ি দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে অক্সিজেন আবাসিক এলাকায় ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর বাসায় পার্কিং করা অবস্থায় গাড়িটিতে আগুন দেওয়া হয় বলে পুলিশ জানায়।
পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মনজুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে আবাসিক এলাকার চৌধুরী নিবাসে চেয়ারম্যানের টয়োটা এক্স করোলা গাড়িটি অকটেন দিয়ে আগুন লাগানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে দুটি রাবার বুলেটের খোসা উদ্ধার করা হয়েছে।
“দুর্বৃত্তরা গাড়ির পেছনে ও বাড়ির গেটে রাবার বুলেট দিয়ে দুটি ফায়ারও করেছে। পরে বাসার দারোয়ান গাড়িটির আগুন নেভান।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৩৫৮ ঘ.
bdnews24