মাদারীপুর, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের রাজৈর উপজেলায় বৃহস্পতিবার এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত রুম্পা আক্তার (১৪) ইশিবপুর গ্রামের মোতালেব মিয়ার মেয়ে। সে ইশিবপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
এ ঘটনায় নিহতের বাবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে রাজৈর থানার ওসি নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইশিবপুরের মোতালেব মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে একই এলাকার জাকির হোসেনের।
কয়েকদিন আগে মোতালেব মিয়ার স্ত্রীকে প্রতিপক্ষের লোকজন মারধর করে। এ ঘটনায় মোতালেব মিয়া রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন।
এর জেরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে জাকির হোসেন ও তার লোকজন ইশিবপুর বাজারে মোতালেব মিয়ার দোকানে ঢুকে তার মেয়ে রুম্পাকে মারধর করে গুরুতর আহত করে।
রাজৈর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার মৃত্যু হয় বলে জানান।
ওসি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রুম্পার বাবা মোতালেব মিয়া বলেন, “আমার মেয়েকে মারধর করে হত্যা করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৮ ঘ.
bdnews24