২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনুল হত্যার বিচার দাবি

পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সেন্টার ফর জাস্টিস ফর আমিনুল ইসলাম (সিজিএআই) নামে একটি সংগঠন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 04:33 PM

Updated : 25 Apr 2022, 09:37 PM

বৃহস্পতিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনটির অন্যতম সমন্বয়ক এ কে এম নাসিম একই সঙ্গে মামলাটির তদন্ত কাজ সিআইডিকে দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডব্লিউএস) এর সংগঠক এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম গত ৪ এপ্রিল সাভারের বাইপাইল থেকে নিখোঁজ হন। ৬ এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইলে তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় আমিনুলের ছোট ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার তদন্ত করছে পুলিশ।

সংবাদ সম্মেলনে নাসিম বলেন, “দীর্ঘ চার মাস অতিক্রান্ত হওয়ার পরও আমিনুলের হত্যাকারীদের সনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি, যা খুবই হতাশাজনক।”

আমিনুল হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করে আসছে। গত মে মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও ঢাকা সফরে এসে আমিনুল হত্যাকাণ্ডের বিষয়টি তোলেন।

আমিনুল হত্যাকাণ্ডের কারণে তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে মন্তব্য করে নাসিম বলেন, “এ অবস্থায় আমিনুলের প্রকৃত হত্যাকারীদের সনাক্ত ও শাস্তি প্রদান করতে ব্যর্থ হলে তা নিরাপত্তাহীনতার কারণে শ্রমিক আন্দোলনকে আরো হুমকির মুখে ফেলে দেবে।”

আমিনুল হত্যাকাণ্ডে ‘সরকারের একটি নিরাপত্তা সংস্থার কতিপয় কর্মকর্তার সংশ্লিষ্টতার’ অভিযোগ এনে এই হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম অবিলম্বে সিআইডিতে হস্তান্তরের দাবি জানান নাসিম।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল আখতার, সিজিএআইয়ের সমন্বয়ক এবং বিসিডব্লিউএসের নির্বাহী পরিচালক কল্পনা আখতার।

আমিনুলের স্ত্রী হুসনে আরা বেগম এবং মেয়ে সায়মা আক্তার আঁখিও সংবাদ সম্মেলনে ছিলেন।