রাঙামাটি, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি শহরের লিচু বাগান এলাকা থেকে অপহৃত সবাই ফিরে এসেছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুতকছড়ি ইউনিয়ন এলাকা থেকে অপহরণকারীরা ১২ জনকে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
সদর উপজেলার বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে মুক্তিপ্রাপ্তরা রাজদ্বীপ ও লিচু বাগান এলাকায় তাদের নিজ বাড়িতে ফিরেছেন।
মুক্তির জন্য অপহরণকারীদের কোনো মুক্তিপণ দিতে হয়নি বলে জানান ইউপি চেয়ারম্যান।
রাঙামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কমিশনার কালায়ন চাকমা জানান, ১২ জনই সুস্থ শরীরে ফিরেছেন।
বুধবার রাত ৮টার দিকে রাজদ্বীপের লিচু বাগান এলাকার একটি ইঞ্জিন চালিত বোট থেকে অস্ত্রের মুখে ২১ গ্রামবাসীকে অপহরণ করা হয়।
এর ঘণ্টাখানেক পর দিগলিবাগ এলাকা থেকে নয়জনকে ছেড়ে দেয় অপহরণকারীরা। বাকি ১২ জনকে আটকে রাখে।
এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফ অভিযোগ অস্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৪৬ ঘ.
bdnews24