গাজীপুর, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সদরের বোর্ড বাজারে ডিইএন স্পোর্টস, নলজানীতে এপকট এ্যাপারেলস, টঙ্গীতে সিন্কি লিমিটেড ও কালিয়াকৈরে গোমতী টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করে। এসময় শ্রমিকরা কারখানায় ভাংচুর করে বলে পুলিশ জানায়।
শিল্পাঞ্চল পুলিশ জোন-২ এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহফুজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিইএন স্পোর্টস কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের জুন ও জুলাই মাসের বেতন বকেয়া রয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ তা না দেওয়ায় শ্রমিকরা কাজ বন্ধ রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সকাল ১১টা থেকে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। এতে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ বুঝিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে ১২টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। কর্তৃপক্ষ ১৪ অগাস্টের মধ্যে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান এএসআই মাহফুজ।
নলজানী এলাকায় এপকট কারখানার শ্রমিকরা জুলাই মাসের বকেয়া বেতন, অগাস্ট মাসের অর্ধেক বেতনসহ ঈদ বোনাস ও ঈদের ছুটি ১০ দিন করার দাবিতে দুপুর ২টায় কাজ বন্ধ রেখে ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নেয়।
পরে কর্তৃপক্ষ আগামী রোববারের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিকালে শ্রমিকরা কাজে যোগ দেয় বলে জানান জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
এছাড়া টঙ্গীর বেক্সিমকো সড়ক এলাকার সিন্কি কারখানার শ্রমিকরা ঈদ বোনাস ও জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে দুপুরে কর্মবিরতি ও বিক্ষোভ করে।
পরে কর্তৃপক্ষ দাবি মেনে নিলে শ্রমিকরা কাজে যোগ দেয় বলে জানান টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোল্যা শোয়েব আলী।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, জুলাই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে সকাল ৯টার দিকে সফিপুর এলাকার গোমতি টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়।
উত্তেজিত শ্রমিকরা কারখানার ফটক বন্ধ করে ভেতরে বিক্ষোভ ও কারখানার কয়েকটি জানালার কাচ ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল মারে বলে অভিযোগ করেন এসআই আব্দুল হালিম।
তিনি জানান, সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা কারখানার ভিতরে অবস্থান করছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৫৫ ঘ.
bdnews24