২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংক ‘রক্ষা’র আহ্বান তিন অধ্যাপকের

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিন অধ্যাপক, যারা মুহাম্মদ ইউনূসের এক সময়ের সহকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 10:47 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিন অধ্যাপক, যারা মুহাম্মদ ইউনূসের এক সময়ের সহকর্মী। বিবৃতিদাতা তিনজন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলমগীর মো. সিরাজুদ্দিন ও অধ্যাপক মো. ফজলী হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনে মন্ত্রিসভার সিদ্ধান্তের এক পর বৃহস্পতিবার তিন অধ্যাপক এই যুক্ত বিবৃতি দেন। মন্ত্রিসভার সিদ্ধান্তের ফলে গ্রামীণ ব্যাংক সরকারের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়বে দাবি করে এই পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান তারা। বিবৃতিতে বলা হয়, “গ্রামীণ ব্যাংক বিশ্বের একটি অনন্য প্রতিষ্ঠান।” “ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের একটি বৃহৎ নারী জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের উৎস গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে অনুরূপ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরষ্কার পান।” “আমরা সরকারের কাছে অনুরোধ করি, গরিবের হক রক্ষা করুন। গ্রামীণ ব্যাংককে সরকারি করার চেষ্টা বন্ধ করুন,” বলা হয় বিবৃতিতে। গত ২ অগাস্ট মন্ত্রিসভার বৈঠকে গ্রামীণ ব্যাংকের মহাপরিচালক নিয়োগের বিধি পরিবর্তনের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূসের নির্ধারিত বয়সের চেয়ে বেশি সময় থাকা বৈধ ছিল কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময়ের শিক্ষক ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করছেন। বর্তমান সরকারের আমলে গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া ইউনূস ব্যাংকটি ‘রক্ষায়’ সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৯৪০ ঘ.