২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তালাই ভরসা হলে মন্ত্রীর কী দরকার’

ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার আগে বাসায় তালা লাগিয়ে যাওয়ার যে পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, তা ‘আতঙ্কজনক’ বলে মনে করেন খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 08:59 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার আগে নিজ দায়িত্বে বাসা-বাড়ি ও দোকানপাটে তালা লাগিয়ে যাওয়ার যে পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, তা ‘আতঙ্কজনক’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “বাড়ির নিরাপত্তা দিতে পারবেন না বলেই জনসাধারণকে তালার ওপর নির্ভর করতে বলেছেন মন্ত্রী। আমাদের প্রশ্ন- তালার ওপর নির্ভর করতে হলে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী থাকার প্রয়োজন কী।” ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে ক্ষমতাসীন দল ‘ব্যাপক চাঁদাবাজি’ করছে বলেও মোশাররফ অভিযোগ করেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃখলা নিয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, “যারা বাসাবাড়ি বা দোকানপাট বন্ধ রেখে ঢাকার বাইরে যাবেন, তাদের ঠিকমতো তালা বন্ধ করে যেতে হবে। এ সময় তাদেরও নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা থাকা দরকার।” জাতীয় প্রেসক্লাবে ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দুর্নীতির প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, “মন্ত্রীর পরামর্শ আতঙ্কজনক। তার বক্তব্যই প্রমাণ করে যে আইন-শৃঙ্খলা রক্ষা ও মানুষের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’’ “তালা দেওয়ার কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী পার পাবেন না। অবিলম্বে আপনি পদত্যাগ করুন। ভয় কীসের। পদত্যাগ করলে প্রধানমন্ত্রী আপনাকে দেশপ্রেমিক বলবেন”, রসিকতার সুরে বলেন এই বিএনপি নেতা। খন্দকার মোশাররফ অভিযোগ করেন, সারাদেশে সড়ক-মহাসড়কে ব্যাপক চাঁদাবাজি চলছে। বাড়ি নির্মাণ, ব্যবসা-বাণিজ্য কিংবা বাজার করতে গেলেও এখন চাঁদা দিতে হচ্ছে। “ঈদকে সামনে রেখে এরকম পরিস্থিতিতে জনগণ আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।” ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে ‘পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে অচলাবস্থা ও সন্ত্রাস’ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, “এ অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকারকে হঠানো ছাড়া বিকল্প নেই।” স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউসার জামান বাবলা। অন্যদের মধ্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন হ এহছানুল হক মিলন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৫৫ ঘ.