গাজীপুর, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে স্ত্রীকে হত্যার অভিযাগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ জানায়, কাশিমপুর হাজীপাড়া এলাকায় মঙ্গলবার রাতে গৃহবধূ রোজিনা খাতুন (২৩) খুন হন। এরপর থেকে তার স্বামী মো. হান্নান মিয়া (৩৫) পলাতক রয়েছেন।
এ ঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হান্নান ও রোজিনা হাজীপাড়া এলাকার সফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। দুই মাস আগে হান্নান চাকরি ছেড়ে দেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
মঙ্গলবার গভীর রাতে ঝগড়ার এক পর্যায়ে হান্নান রোজিনাকে বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এসআই আরো বলেন, সকালে রোজিনার লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রোজিনা বগুড়ার ধুনট উপজেলার বিশুরিগাবা এলাকার প্রয়াত হারুন অর রশিদের মেয়ে। তিনি স্থানীয় কটন ক্লাব নামে একটি তৈরি পোষাক কারখানার শ্রমিক ছিলেন।
অপরদিকে হান্নান হলেন সিরাজগঞ্জের কাবারিয়াপাড়া এলাকার সলিম উদ্দিনের ছেলে। হান্নান ও রোজিনা দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল এটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২০০ ঘ.
bdnews24