চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট থেকে সরে এসেছে সার ডিলারদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে বিএফএ সভাপতি মো. নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বৃহস্পতিবার থেকে পুরোদমে সার উত্তোলন ও পরিবহন শুরু করব।”
পুলিশ ও ঠিকাদারদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে এই ধর্মঘট শুরু করেন সার ডিলাররা।
মঙ্গলবারই তারা পতেঙ্গা টিএসপি সার কারখানা থেকে সার উত্তোলন ও পরিবহন বন্ধ করে দেন। বুধবার থেকে আনোয়ারার সিইউএফএল ও ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের দুটি ইউনিট থেকেও সার তোলা বন্ধ করে দেওয়া হয়।
তাদের অভিযোগ ছিল, সিইউএফএল ও ডিএপি ফার্টিলাইজার কারখানা থেকে ট্রাকে সার ওঠানোর জন্য কোনো অর্থ লাগার কথা না থাকলেও সাউথ ট্রেডিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ডিলারদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করছে।
সার উত্তোলন ও পরিবহন নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে দুপুরে জরুরি বৈঠক ডাকে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফয়েজ আহমদসহ জেলা প্রশাসন, চট্টগ্রাম মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএফএ নেতারা এ বেঠকে অংশ নেন।
বিএফএ সভাপতি নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে জেলা প্রশাসক দোষী ঠিকাদারী প্রতিষ্ঠান সাউথ ট্রেডিংকে কাজ থেকে সরিয়ে দেওয়ার এবং ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
এছাড়া রাস্তায় পুলিশি হয়রানী ও চাঁদাবাজি বন্ধ করার আশ্বাস দেওয়ায় বিএফএর পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/জেকে/১৮১৫ ঘ.
bdnews24