ফরিদপুর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা না পেয়ে ঋণ গ্রহীতার মেয়েকে নিয়ে কয়েকঘণ্টা আটকে রাখা হয়েছে এনজিও কার্যালয়ে।
পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার এবং ওই এনজিওর এক কর্মীকে গ্রেপ্তার করেছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের আতাদী গ্রামে সোমবার এ ঘটনায় গ্রেপ্তার হন এনজিওকর্মী আবুল কালাম (৩৫)।
মঙ্গলবার আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানো হয়।
ভাঙ্গা থানার ওসি দাদন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতাদী গ্রামের সোবহান মোল্লার স্ত্রী মোসাম্মাত বীণা পল্লী প্রগতি সহায়ক সমিতি (পিপিএসএস) নামে একটি এনজিওর মালিগ্রাম শাখা থেকে তিন মাস আগে সাপ্তাহিক ৪শ’ টাকা কিস্তি পরিশোধের শর্তে ১৫ হাজার টাকা ঋণ নেন।
জুলাই মাসে তার কয়েকটি কিস্তি বাকি পড়ে যায়। এতে এনজিওটির কর্মী আবুল কালাম (৩৫) সোমবার বীণার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার মেয়েকে (১১) মালিগ্রাম অফিসে নিয়ে আটকে রাখে।
বীণা অফিসে গেলে তাকে জানানো হয়, কিস্তির টাকা না পেলে তাকে ছাড়া হবে না।
ওসি আরো বলেন, এরপর বীণার লিখিত অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে এনজিও অফিস থেকে আয়েশাকে উদ্ধার এবং আবুল কালামকে গ্রেপ্তার করে।
পরে বীণা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এনজিওকর্মী আবুল কালামের বিরুদ্ধে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৭ ঘ.
bdnews24