চট্টগ্রাম, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি বাজার থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনকে নয় হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- মনিরুল ইসলাম (৩৫), রেজাউল করিম (৩৫) ও তার স্ত্রী শেহেরু আক্তার (২৪)। তারা সবাই কক্সবাজার সদর এলাকার বাসিন্দা।
তাদের কাছ থেকে ৫০০ টাকার ১৮ টি জাল নোট উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
সোমবার রাতে উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজারে এসব জাল টাকা দিয়ে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বাজারে গ্রেপ্তারকৃতরা জাল টাকা দিয়ে বিভিন্ন দোকানে মালামাল কেনাকাটা করছিল। ব্যবসায়ীদের এমন অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে ওইসব জাল টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, জাল টাকা নিয়ে ওই বাজারে একটি চক্র কেনাকাটা করতে এসেছিল। তিনজনকে গ্রেপ্তার করা গেলেও ওই চক্রের আরেক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০৪৭ ঘ.
bdnews24