ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন নিয়ে বিতর্ক অবসানে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানিয়েছেন, চেয়ারম্যান নন, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদই নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিব সাংবাদিকদের কছে এ ব্যাখ্যা দেন।
তিনি বলেন, “চেয়ারম্যান বোর্ডের সঙ্গে পরামর্শ করে এমডি নিয়োগের জন্য সিলেকশন কমিটি গঠন করবেন। ওই কমিটি তিনজনের প্যানেল তৈরি করে বোর্ডের কাছে সুপারিশ করবে। আর এ সুপারিশের আলোকেই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে প্যানেল থেকে এমডি নিয়োগ করা হবে।”
এ সংশোধনীতে ব্যাংকটির কার্যক্রম বিঘ্নিত এবং এতে নারীদের প্রতিনিধিত্ব খর্ব হতে পারে বলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রসঙ্গে জানতে চাইলে সচিব বলেন, “এ নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি। তবে সরকার কোনোভাবেই ব্যাংকের কোনো কার্যক্রমে হস্তক্ষেপ করছে না।”
গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের পদক্ষেপে রোববার উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
ড. মুহাম্মদ ইউনূসের অতিরিক্ত সময় এমডি পদে থাকার বৈধতা প্রসঙ্গে মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, “আদালতের রায়েই তার ৬০ বছরের বেশি সময় দায়িত্বে থাকাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তাই এ নিয়ে মন্ত্রিসভার কোনো পর্যবেক্ষণ নেই।”
সচিব জানান, ইউনূস অতিরিক্ত মেয়াদ চাকরিতে থাকাকালে যে বেতন নিয়েছেন, তার বৈধতা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। তাই খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৮৩ সালে একটি সামরিক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়ার পর থেকেই মুহাম্মদ ইউনূস এ প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। শুরু থেকে এই ব্যাংকে সরকারেরও অংশীদারিত্ব রয়েছে।
অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ২০১১ সালে তার পদে থাকা নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় ব্যাংক। ওই বছর মার্চে কেন্দ্রীয় ব্যাংক যখন ইউনূসকে অব্যাহতি দেয়, তখন তার বয়স প্রায় ৭১ বছর।
ইউনূস নিজেও সরকারের পদক্ষেপ মানতে নারাজ ছিলেন। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েও হেরে যান তিনি।
সর্বশেষ মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এক বিবৃতিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, সরকার গ্রামীণ ব্যাংকের মালিকানা পুরোপুরিই নিতে চায়। তা প্রতিরোধে দেশবাসীকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭০৬ ঘ.
bdnews24