২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি: আবেদনের সময় বাড়ছে

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়ে আইন সংশোধনের একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 08:20 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়ে আইন সংশোধনের একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে আবেদনের সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩০০ দিন করার কথা বলা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, বর্তমানে সংসদের অধিবেশন চলমান না থাকায় ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইনটি অধ্যাদেশ আকারে জারি করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সিদ্ধান্তটি অধ্যাদেশ আকারে প্রকাশের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। “সরকারিভাবে গেজেট প্রকাশ, স্থানীয় পর্যায়ে গেজেট পৌঁছাতে বিলম্ব এবং আবেদনের জন্য নথিপত্র সংগ্রহে বাড়তি সময় লাগার কারণেই আবেদনের সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কাগজপত্রের নথির নকল বা অনুলিপি সংগ্রহের সময়সীমাও ৭ ও ১৫ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন বা একমাস করা হয়েছে।” সচিব জানান, দেশে বর্তমানে প্রায় ছয় লাখ ৬০ হাজার একর অর্পিত সম্পত্তি রয়েছে, যার গেজেট প্রকাশে অনেক সময় প্রয়োজন। পাশাপাশি নথিপত্রও সংগ্রহ করতে হবে। এ কারণেই মন্ত্রিসভা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া গত ৮ থেকে ১১ এপ্রিল প্রবাসী কল্যাণ মন্ত্রীর ব্রুনেই সফর এবং ২৬ জুন ওয়াশিংটনে গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভের সভায় পরিবেশমন্ত্রীর অংশগ্রহণ নিয়েও মন্ত্রিসভার বৈঠকে অবহিত করা হয় বলে সচিব জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪১৭ ঘ.