২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা মামলায় সাক্ষ্য দিলেন সাবেক আইজি

পিলখানা হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 06:33 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ। সোমবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার আদালতের বিশেষ এজলাসে তিনি নিজের জবানবন্দি তুলে ধরার পর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। সাক্ষ্য ও জেরা শেষে বেরিয়ে যাওয়ার সময় নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, “২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিয়ার বিদ্রোহ শুরুর পর মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সেখানে আলোচনার জন্য যান। বিদ্রোহী জওয়ানরা একপর্যায়ে অস্ত্রসমর্পণের কথা বললেও তা ছিল লোক দেখানো।” প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন গত ১ অগাস্ট এ মামলায় সাক্ষ্য দেন। ওই দিনই তাকে আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। গত ২ জুলাই এ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বর্তমানে মরক্কোর রাষ্ট্রদূত নূর মোহাম্মদ এবং লে. কর্নেল জাহান আরা বেগমকে তলব করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আকতারুজ্জামান। এছাড়া নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমানও এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বিদ্রোহের ঘটনায় বাহিনীর নিজস্ব আইনে এবং হত্যার ঘটনায় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১২৩০ ঘ.