২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধকোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৭

ঈদের আগে ঢাকায় জাল নোট চক্রের সদস্য গ্রেপ্তারের দ্বিতীয় বড় ঘটনা। এর আগে গত ২৭ জুলাই মুগদা থেকে কোটি টাকার জাল নোটসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পোস্তগোলা থেকে অর্ধ কোটি টাকার জাল নোটসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ঈদের আগে ঢাকায় জাল নোট চক্রের সদস্য গ্রেপ্তারের দ্বিতীয় বড় ঘটনা। এর আগে গত ২৭ জুলাই মুগদা থেকে কোটি টাকার জাল নোট এবং জাল নোট প্রস্তুত করার সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পোস্তগোলার অভিযান চালানো হয় শনিবার রাতে। রোববার সকালে গ্রেপ্তার ছয়জনকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আনা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. বাবু শেখ (৩৮) মো. নিয়াজ (৩৫), ইমদাদুল ইসলাম ওরফে ইমন (২২), জিতু (২৫), মো. জহিরুল ইসলাম ওরফে জহির (২৫), শিরিন আক্তার ওরফে তমা (২২) ও শাহানাজ বেগম (২৫)। তাদের কাছে অর্ধ কোটি টাকার জাল নোট, একটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার মেশিনসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোখলেছুর রহমান। তিনি বলেন, “গ্রেপ্তারকৃতরা জাল টাকা তৈরির সংঘবদ্ধ চক্রের সদস্য। বাবু শেখ ও নিয়াজ জাল টাকা তৈরি করে অন্যদের মাধ্যমে তা বাজারে ছাড়ত।” বাবু সাংবাদিকদের জানায়, প্রতিদিন তিনি এক থেকে দেড় লাখ টাকার জাল নোট তৈরি করতেন। তবে ঈদকে সামনে রেখে তিনি প্রতিদিন প্রায় ৫ লাখ টাকার জাল নোট তৈরি করে আসছিলেন। এই অপরাধে তিন বছর ধরে জড়িত থাকার কথা স্বীকার করে বাবু বলেন, “চট্টগ্রাম থেকে বড় ধরনের অর্ডার ছিল, যা রোববার দেওয়ার করা ছিল।” গোয়েন্দা কর্মকর্তা মোখলেছুর রহমান ঈদের এই সময়ে টাকা লেনদেনের ক্ষেত্রে সবাইকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন। কোনো রকম সন্দেহ হলে কাছের থানায় কিংবা গোয়েন্দা পুলিশের সহযোগিতা চাইতেও বলেন তিনি। পোস্তগোলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬৪৪ ঘ.