২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী আহত

পূর্ব বিরোধের জেরে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রদলকর্মীকে মারধর করেছে প্রতিপক্ষ গ্র“পের সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 10:04 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব বিরোধের জেরে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রদলকর্মীকে মারধর করেছে প্রতিপক্ষ গ্র“পের সমর্থকরা। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে এ হামলায় আহত তানভীর আহমেদ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র। তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তানভীর আহমেদ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিকের সমর্থক হিসেবে পরিচিত। মতিহার থানার ওসি আনিছুর রহমান শিক্ষার্থীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার (১ অগাস্ট) বিনোদপুরে বিশ্ববিদ্যালয় সংবাদদাতাদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেছিল ছাত্রদল। ওই অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে ফের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হলে উত্তেজনার সৃষ্টি হয়। রোববার দুপুর ১টার দিকে তানভীর আহমেদ ক্লাস করে বের হলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সমর্থিত ৫/৬ জন তাকে মারধর করে পালিয়ে যায়। এখনো কোনো মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাগুলো কয়েকদিন থেকে ঘটছে। আমরা বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। আশাকরি, শিগগিরই তারা ব্যবস্থা নেবেন।” যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কথা কাটাকাটিকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। উস্কানিমূলক কথাবার্তার জন্য মারামারি হচ্ছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করব।” বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঘটনাটি শুনেছি। তবে কেউ আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬০০ ঘ.