ভোলা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনার পানির চাপে ভোলা শহর রক্ষা বাঁধ ভেঙে ভোলা জেলা সদরের ৬টি গ্রাম প্লাবিত হয়েছে।
স্থানীয় অধিবাসীরা জানান, প্রবল জোয়ারের চাপে শনিবার সকালে ভোলা সদরের ভবানীপুর অংশে পুরাতন শহর রক্ষা বাঁধ ভেঙে যায়। ওই ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে নতুন নির্মিত শহর রক্ষা বাঁধের পাঁচটি পয়েন্ট দিয়ে পানি ঢুকে চারটি গ্রাম প্লাবিত হয়। বিকালে তুলাতলী বালিয়াকান্দি এলাকার দুই পয়েন্টে বাঁধ ভেঙে দুইটি গ্রাম প্লাবিত হয়।
এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের নিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা সকাল থেকেই ভাঙা বাঁধ মেরামতের চেষ্টা করছে। কিন্তু বাঁধ দুর্বল হওয়ায় ভাঙন রোধে কোনো প্রচেষ্টাই কাজে আসছে না।
ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, ভোলা শহর রক্ষা বাঁধের ইমারজেন্সি রিং বাঁধ ও পুরাতন রিং বাঁধের সামনে জিও ট্যাক ও বালির বস্তা স্থাপন যথাসময়ে শেষ না হওয়ায় এ ভাঙন হয়েছে।
যে কোনো মুহূর্তে ভোলা শহরে মেঘনার জোয়ারের পানি প্রবেশ করে শহর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।
পানি উন্নয়ন বোর্ডের ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী মো. হান্নান বলেন, বিভিন্ন সমস্যার কারণে যথাসময়ে রিংবাঁধসহ অন্যান্য জরুরি কাজ শেষ করা যায়নি।
“তবে ভাঙন রোধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এইচএ/২৩০০ ঘ.
bdnews24