ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের প্রবীণ নেতা সদ্যপ্রয়াত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরীর প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
শনিবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার মরদেহ নিয়ে আসার পর কফিনটি দলীয় পতাকা দিয়ে ঢেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা কফিনে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
দীর্ঘদিন রোগে ভুগে শনিবার সকালে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে এই বিএনপি নেতার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৭২ বছর।
দলীয় নেতাদের শ্রদ্ধা নিবেদনের আগে বিকাল তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রয়াত আবদুল মতিনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, যুুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদার, খায়রুল কবির খোকন, আবদুল লতিফ জনি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, হাবিব উন নবী খান, সাইফুল আলম নিরব, আবদুল মালেকসহ কয়েকশ’ কর্মী-সমর্থক অংশ নেন।
আবদুল মতিনের ভাতিজা মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মরহুমের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। রোববার সকাল ১১টায় মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য আবদুল মতিন চৌধুরী ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এর আগে তিনি দলের সহসভাপতি ও যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
মতিন চৌধুরী নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯৭৯ সাল থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।
আবদুল মতিনের মৃত্যু সংবাদ পেয়ে দুপুরে বেইলি রোড়ের বাসায় যান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে প্রয়াত এই নেতার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০৬ ঘ.
bdnews24