২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার মাহবুব বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি গত ১৮ জুলাই সাধারণ আইনজীবীদের ভোটে বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। শনিবার নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্য সদস্যদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এ সভায় একইসঙ্গে কাউন্সিলের ১০টি উপ-কমিটিও গঠন করা হয়েছে। খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় নব নির্বাচিত সদস্যরা অংশ নেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় খন্দকার মাহবুব বলেন, অতীতে আইনজীবীদের এনরোলমেন্ট (অন্তর্ভুক্তি) নিয়ে স্বচ্ছতা ছিল না। এবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বার কাউন্সিল কাজ করে যাবে। বিচার বিভাগে যাতে দলীয়করণ না হয় সে ব্যাপারেও সচেষ্ট থাকবে। তিনি আরো বলেন, “বার কাউন্সিলের পক্ষ থেকে আমাদের দাবি হলো দেশের আগামী জাতীয় নির্বাচন যেন গণতন্ত্রের স্বার্থে গ্রহণযোগ্য হয়। সেজন্য নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হতে হবে।” গত ১৮ জুলাইয়ের ওই নির্বাচনে সারা দেশের ৭৭টি কেন্দ্রে একযোগে বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ হয়। পরে ২৪ জুলাই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সাধারণ সাত আসনের চারটিতে ঐক্য প্যানেল এবং তিনটি আসন পেয়েছে সমন্বয় পরিষদ। আর গ্রুপ আসন সাতটির মধ্যে পাঁচটিতে ঐক্য প্যানেল এবং দুটিতে সমন্বয় পরিষদ বিজয়ী হয়। কাউন্সিলের নব নির্বাচিত কমিটির প্রথম সভায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা ছাড়াও ১০টি উপকমিটি গঠন করা হয়। এর মধ্যে আইনজীবী এ জে মোহাম্মদ আলী পাঁচ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিন সদস্যের এনরোলমেন্ট (আইনজীবী অন্তর্ভুক্তি) কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হয়েছেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। নয় সদস্যের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আইনজীবী গোলাম মোস্তফা খান। ল’রিফর্ম কমিটির চেয়ারম্যান এ কে এম হাফিজুর রহমান। পাঁচ সদস্য বিশিষ্ট হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হলেন আইনজীবী গোলাম মোস্তফা খান। পাঁচ সদস্যের হাউজ কমিটির চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। পাঁচ সদস্য বিশিষ্ট রিলিফ কমিটির চেয়ারম্যান হয়েছেন আইনজীবী মো. ইসহাক। রোল এন্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান হয়েছেন মো. কাইমুল হক। আর কমপ্লেইন এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ার হয়েছেন আইনজীবী মো. কবির চৌধুরী। নব গঠিত ১০ উপকমিটির কোনটিতেই সরকার সমর্থকদের সংখ্যাগরিষ্ঠতা নেই। কোনো কমিটির প্রধানের পদও তাদের নেই। তবে সরকারপন্থী পাঁচ সদস্য বিভিন্ন উপ-কমিটিতে সদস্য হিসাবে স্থান পেয়েছেন। এছাড়া নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে এক্সিকিউটিভ কমিটি, এনরোলমেন্ট কমিটি, ফাইন্যান্স কমিটি এবং কমপ্লেইন অ্যান্ড ভিজিলেন্স কমিটিতে সরকারপন্থীদের কোনো প্রতিনিধিত্বও নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৮৩৬ঘ.