২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০

এক শ্রমিককে মারধরের ঘটনায় সিলেট নগরীতে ট্রাক শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 05:27 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

সিলেট, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শ্রমিককে মারধরের ঘটনায় সিলেট নগরীতে ট্রাক শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ সংঘর্ষের সময় পুলিশ ১৫ জনকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আম্বরখানা পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্য মোমিন আল মামুন এক ট্রাক শ্রমিককে মারধর করেন। খবর পেয়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৩০-৪০ জন লোক আম্বরখানায় এসে মামুনের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এরপরই কোতোয়ালি, বিমানবন্দর থানা ও রিজার্ভ পুলিশ গোটা আম্বরখানা এলাকা ঘিরে বেধড়ক লাটিচার্জ শুরু করে। ট্রাক শ্রমিকদের সঙ্গে যোগ দিয়ে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তুললে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় নগরীর আম্বরখানায় সিলেট-কোম্পানীগঞ্জ ও সোবহানীঘাটে উপশহর-কুমারপাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় জানান প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, এক পর্যায়ে ট্রাক শ্রমিকরা পিছু হটে নগরীর সোবহানীঘাট এলাকার ট্রেড সেন্টারের সামনে উপশহর-কুমারপাড়া সড়ক অবরোধ করেন। এতে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, ট্রাফিক পুলিশ সদস্য মামুনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তার দেহে অস্ত্রোপচার করা হয়েছে। এ ঘটনায় সোবহানীঘাট ও আম্বরখানা থেকে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারসহ ১৫ জনকে আটক করা হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩১২ ঘ.