২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ঝুট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঝুট ব্যবসাকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

গাজীপুর, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝুট ব্যবসাকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে মো. খলিলুর রহমানকে (৩৫) হত্যা করা হয়, যিনি দুটি হত্যা মামলার আসামি ছিলেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের লাশ নিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পুলিশ ও পরিবার জানায় জানায়, খলিল টঙ্গীর পূর্ব গাজীপুরা এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে। টঙ্গীর সাতাইশ ও গাজীপুর এলাকার বেশ কয়েকটি কারখানার সঙ্গে তার ঝুটের ব্যবসা ছিল। দীর্ঘদিন ধরেই এলাকার অন্য একটি প্রভাবশালী পক্ষের সঙ্গে ঝুট ব্যবসা নিয়ে বিরোধ ছিল খলিলের। এ নিয়ে ছয় মাস আগে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সে সময় প্রতিপক্ষের লোকজন খলিলের বাড়িতে আগুন দেয়। পরে তিনি পূর্ব গাজীপুরার পৈত্রিক বাসা ছেড়ে টঙ্গী এলাকায় পরিবার নিয়ে বসবাস শুরু করেন। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহ্মুদ মঈন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ৯টার দিকে সন্ত্রাসীরা গাজীপুরা এলাকায় একটি যাত্রী ছাউনিতে বসে চা পান করার সময় ১৫-১৬ জন সন্ত্রাসী কুপিয়ে ও পিটিয়ে খলিলকে আহত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল থেকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন টঙ্গী পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিকের ভাই কাজী কামাল (৩৮), কাজী আলম (৩৫), কাজী হুমায়ুন (২৭), দীপু সরকার (২৮), শাহাদৎ আলী ওরফে সাদুসহ (৪৫) অজ্ঞাতপরিচয় ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। নিলুফার ইয়াসমীন সাংবাদিকদের জানান, কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিকের ভাই কাজী আলম ও তার লোকজনের সঙ্গে তার স্বামীর ব্যবসায়িক বিরোধ ছিল। বিরোধের জের ধরে মাস ছয়েক আগে তাদের গাজীপুরার বাসায় আগুনও দেয় তারা। টঙ্গী থানার ওসি জানান, খলিলুর দুটি হত্যা মামলার আসামি ছিলেন। ব্যবসায়ীক বিরোধের জের ধরেই এই হত্যাকা- ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০৫৪ ঘ.