২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির কারণে খুন হন পোনা ব্যবসায়ী রতন

নারায়ণগঞ্জের সাড়ে ২২ শতক জমিই কাল হল চট্টগ্রামের পোনামাছ ব্যবসায়ী রতন কুমার রায়ের। জমি দখল নিতে ভূমিদস্যুরা চট্টগ্রাম থেকে ডেকে নিয়ে হত্যা করে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

চট্টগ্রাম, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সাড়ে ২২ শতক জমিই কাল হল চট্টগ্রামের পোনামাছ ব্যবসায়ী রতন কুমার রায়ের। জমি দখল নিতে ভূমিদস্যুরা চট্টগ্রাম থেকে ডেকে নিয়ে হত্যা করে তাকে। হত্যার পর অজ্ঞাত ব্যক্তি হিসেবে নোয়াখালীতে তার লাশ দাফনের ৪২ দিন পর গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে, যারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন করে পুলিশ কর্মকর্তারা ওই পাঁচ জনকে হাজির করে রতনকে হত্যার ঘটনা বর্ণনা করেন। গ্রেপ্তার পাঁচজন হলেন- মো. জামিল (৪০), মনির হোসেন ওরফে সাংবাদিক মনির (৫০), ইউসুফ হোসেন (৩৫), গোলাম মোস্তফা (৩০), রবিউল আলম (৩২)। তাদের বাড়ি ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে। সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত রতনের স্ত্রী মুন্নী রায় সাংবাদিকদের বলেন, গত ২০ জুন খান সাহেব পরিচয় দিয়ে এক ব্যক্তি রতনকে ফোন করে ২ লাখ টাকার পোনা মাছ কেনার কথা বলে। সেজন্য তিনি নরসিংদীতে হ্যাচারিও দেখতে যাবেন বলে বিকাল সাড়ে ৫টায় ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। গ্রেপ্তার হওয়া জামিল সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মোট ২৬ শতাংশ জায়গার সাড়ে ২২ শতাংশের মালিক রতন রায়। বাকি জমি জমির ব্রোকার মনির অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে। বাকি জমি দখল নিতেই একটি চক্র রতনকে নরসিংদীতে হ্যাচারি দেখতে নিয়ে যাওয়ার কথা বলে হত্যা করে। পূর্র্ব পরিকল্পিতভাবেই আবুল বাশার মোল্লা ও জামিল নিজেদের হ্যাচারি ব্যবসায়ী পরিচয় দিয়ে রতনের সাথে সখ্যতা তৈরি করে এবং রাউজানে রতনের হ্যাচারিতে পোনামাছ দেখতে নিয়ে যান বলে জামিল জানিয়েছেন। এ পরিচয়ের সূত্র ধরেই গত ২০ জুন রতন রায়কে নরসিংদীতে অপর একটি হ্যাচারিতে নিয়ে যাওয়ার জন্য রাজি করান। গ্রেপ্তার জামিল সাংবাদিকদের জানান, রতনকে পরিচয় এবং খুনের জন্য বাশার মোল্লা ২ লাখ টাকায় চুক্তি করে। এর মধ্যে তাকে ৭০ হাজার টাকা অগ্রিমও দেওয়া হয়। বাকি টাকা জমি বিক্রির পর দেওয়া হবে বলে জানায়। মাইক্রোবাস চালক ইউসুফ হোসেন জানান, নরসিংদী যাওয়ার পথে ফেনীর মহিপাল অতিক্রমের পরই রতনকে মাইক্রোবাসের ভেতর হত্যা করে তার লাশ নোয়াখালীর সেনবাগ থানার সেবার হাট নামক স্থানে রাস্তায় ফেলে দেওয়া হয়। সিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন গ্রেপ্তার রবিউল জাল দলিল তৈরি করে ক্ষমতাবলে রতনের জায়গা ইদ্রিস নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। সেজন্য রতন আদালতে একটি মামলা করেন। এজন্যই তারা রতনকে হত্যা করে। অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ কুমার চাকমা জানান, হত্যার সঙ্গে যুক্ত আবুল বাশার মোল্লাকে গ্রেপ্তারে অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/১৯৫৩ ঘ.