নারায়ণগঞ্জ, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় বাসের চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনার পর বাসটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিল (১০) শহরের আমলাপাড়া আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলে যাওয়ার পথে শিবু মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় তানজিল ও তার মা সালেহা বেগমকে নরসিংদীগামী মেঘালয় পরিবহনের একটি বাস চাপা দেয়।
এতে গুরুতর আহত তানজিল ও তার মাকে প্রথমে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তানজিল মারা যায়।
তানজিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সকাল ১০টার দিকে আটক বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬২০ ঘ.
bdnews24