২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ভূমি হুকুম দখল উদ্যোগের প্রতিবাদ

বান্দরবানের থানচি উপজেলা সদরে ভূমি হুকুম দখল উদ্যোগের প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছে স্থানীয় বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 04:58 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

বান্দরবান, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের থানচি উপজেলা সদরে ভূমি হুকুম দখল উদ্যোগের প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছে স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে ‘থানচি উপজেলাবাসী’র ব্যানারে এ সংবাদ সম্মেলনে ভূমি হুকুম দখল প্রক্রিয়া বাতিল করার দাবি জানান বক্তারা। তারা বলেন, উপজেলার বলিপাড়ায় একটি বিজিবির ব্যাটালিয়ন সদরদপ্তর রয়েছে। আরো একটি ব্যাটালিয়ন সদরদপ্তর গড়ার জন্য প্রায় ৪০ একর জায়গা হুকুম দখলের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা ফসলি জমি হারাবে এবং এটি পাহাড়িদের ভূমি কেড়ে নেওয়ার একটি প্রক্রিয়া বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। পরে নেতারা ভূমি হুকুম দখল প্রক্রিয়া বন্ধ করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন থানচি উপজেলা ভূমি অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাফুসু মারমা। উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির সাবেক জেলা সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এম মং, থানচি উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, পার্বত্য জেলা পরিষদ সদস্য অংপ্রু ম্রো, সাবেক ইউপি চেয়ারম্যান রনি মারমা, ক্যহ্লাচিং মারমা প্রমুখ। এ ব্যাপারে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুরুল আমিন সাংবাদিকদের বলেন, এখনো ওই এলাকার ভূমি হুকুম দখল কার্যক্রম শুরু হয়নি। বিষয়টি বিজিবির বিবেচনায় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২৫৫ ঘ.