খুলনা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তির অভিযোগে খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি শাহরুজ্জামান মোর্ত্তজার বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকারিয়া হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি বেগ লিয়াকত আলী।
এ শুনানি শেষে আগামী ১০ অক্টোবর আসামিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, এ বছর ২৮ এপ্রিল খুলনা বিএনপির এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় শাহারুজ্জামান মোর্ত্তজা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সম্পর্কে কটূক্তি করেন।
ওই বক্তব্য মানহানিকর ও হুমকিমূলক উল্লেখ করে লিয়াকত আলী ওই সময় খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এর তিনমাস পর তিনি আদালতে এ মামলা করেন।
এ ব্যাপারে শাহারুজ্জামান মোর্ত্তজা বলেন, “সমাবেশে সরকার বিরোধী বক্তব্য দিয়েছি। তবে কারো নাম ধরে কোনো কটূক্তি করিনি। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাকে হেয় করার জন্য ওই মামলা দায়ের করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৭ ঘ.
bdnews24