নওগাঁ, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমি দখলের অভিযোগের সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে দক্ষিণ হোসেনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
তারা হলেন- উপজেলার গোপীনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে মহান বাবু (১৮) এবং চকগৌড়া গ্রামের নাজিমুদ্দিন সরদারের ছেলে মুসলিম উদ্দিন (৪৫)। এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হল।
গত রোববার দক্ষিণ হোসেনপুর এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমি দখলের অভিযোগের সংবাদ সংগ্রহে যান ১০ সাংবাদিক। এসময় যাদের বিরুদ্ধে জমি দখল করে স্থাপনা তৈরির অভিযোগ রয়েছে, তারা সাংবাদিকদের উপর হামলা চালায়।
হামলায় কয়েক সাংবাদিক আহত হন। পরে সাংবাদিকরা চার জনের নামোল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। ঘটনার দিনই দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।
মহাদেবপুর থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি তদন্তের জন্য মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুল ইসলাম বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে লোকজনের সাক্ষ্য নিয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৫২ ঘ.
bdnews24