ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনার সমাবেশে বোমা পুঁতে রাখার মামলার বিচারকাজ প্রায় দুই বছর পর ফের শুরু হয়েছে।
বুধবার ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দেওয়ান মো. সফিউদ্দিন কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয় চত্বরের পাশের চায়ের দোকানদার মো. বদিউজ্জামানের জবানবন্দি নেন।
২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের উত্তর পাশের একটি দোকানের সামনে থেকে পুঁতে রাখা ৭৬ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়।
এর দুই দিন পর ওই মহাবিদ্যালয়ের মাঠে একটি জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা ছিল।
এ ঘটনায় কোটালীপাড়া থানার উপপরিদর্শক নূর হোসেন বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।
২০১০ সালের সেপ্টেম্বর মাসে গোপালগঞ্জের আদালত থেকে মামলাটি ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। পরে মামলাটি এ ট্রাইব্যুনালে আসে।
এর আগে একই বছরের অক্টোবর মাসে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের একজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হলেও দুই নম্বর ট্রাইবুনালে প্রায় দুই বছরে কারো সাক্ষ্য নেওয়া হয়নি।
গোপালগঞ্জের আদালতে এ মামলায় রাষ্ট্রপক্ষে ৪৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল।
এ মামলায় ২৫ আসামির মধ্যে মুফতি হান্নান সহ ৯ আসামি কারাগারে, ১ জন জামিনে এবং ১৫ জন পলাতক রয়েছেন।
বুধবার বদিউজ্জামান সাক্ষ্যে বলেন, তিনি এ মামলার প্রধান আসামি মুফতি হান্নানের খালাতো ভাই। তিনিই সর্বপ্রথম শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের পুকুরের মধ্যে ভোরে চা বানানোর সরঞ্জাম ধোয়ার জন্য গিয়ে একটি তার (কেবল) দেখতে পান। পরে বিষয়টি মহাবিদ্যালয়ের দারোয়ানকে জানান।
ওই ঘটনার পর পুলিশ তাকে ১২ দিন পুলিশ হেফাজতে আটকে রেখেছিল। দুই মাস পর এ মামলার সাক্ষী হিসাবে তাকে অন্তর্ভুক্ত করা হয়।
পরে সাক্ষীকে আসামি মুফতি হান্নানের আইনজীবী লুৎফর রহমান শেখ, আরিফ হাসান সুমনের আইনজীবী মাহবুব হাসান রানা এবং দুই জন আসামি মহিবুল্লাহ এবং মো. আজাদ জেরা করেন।
ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি সামশুল হক বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ৬, ৭ ও ৮ অগাস্ট সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২০৫০ ঘ.
bdnews24