ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘড়ির কাঁটা মঙ্গলবার রাত ১২টার ঘর পার হতেই শুরু হয়েছে অগাস্ট মাস, জাতির পিতাকে হারানোর পর থেকে আওয়ামী লীগ, এর সহযোগী ও বন্ধু সংগঠনগুলো অগাস্টকে শোকের মাস হিসেবে পালন করে আসছে।
অগাস্টের প্রথম দিন থেকে প্রায় প্রতিদিন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও সমমনা রাজনৈতিক, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করবে।
শোকের মাস অগাস্ট স্মরণে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে সংরক্ষিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। সেখানে জ্বালানো হয় মোমবাতিও।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা কর্মকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের চাকা বিপরীত দিকে ঘুরতে থাকে।
১৫ অগাস্ট ঘাতকের হাত থেকে রক্ষা পায়নি শিশুরাও। সেই রাতে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল ছাড়াও হত্যা করা হয় বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, মেজ ছেলে শেখ জামাল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের।
এছাড়াও হত্যাকাণ্ডের শিকার হন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ও তার স্ত্রী বেগম আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, ছোট ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আবদুল্লাহ বাবু, শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/০০৩২ ঘ.
bdnews24