২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সস্ত্রীক খুন সাবেক সেনাসদস্য

রাজধানীর দক্ষিণখানে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য ও তার স্ত্রীকে দুর্বৃত্তরা হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য ও তার স্ত্রীকে দুর্বৃত্তরা হত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় শহীদনগরের এক টিনশেড বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- নাসির উদ্দিন (৬৩) ও তার স্ত্রী মাহমুদা খাতুন মুক্তা (৫৬)। নাসির সেনাবাহিনী অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ছিলেন বলে পুলিশ জানায়। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার দিশারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাশের বাসার এক মহিলা সন্ধ্যার আগে ওই বাড়ির মূলফটক দিয়ে ঢুকে ঘরের দরজার বাইরে দুজনের মৃতদেহ দেখে চিৎকার করে উঠেন। এরপর আশপাশের লোকজন এসে থানায় খবর দেয়। নাসির উদ্দিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত দম্পতির তিন সন্তানের মধ্যে বড় ছেলে সালাউদ্দিন উত্তরায় থাকেন। তিনি পেশায় শিক্ষক। মেজ ছেলে মোসলেউদ্দিন সেনাবাহিনীর একজন মেজর, থাকেন কুমিল্লায়। প্রতিবেশীরা জানান, নাসির ও মুক্তা প্রায় পনের বছর ধরে ওই বাড়িতে বাসবাস করছিলেন। নামাজের সময় ছাড়া নাসির উদ্দিন বাড়ি থেকে খুব একটা বের হতেন না। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা প্রথমে নাসির উদ্দিনের স্ত্রীকে হত্যা করে। নাসির বাজার থেকে ফেরার পর তাকেও খুন করে তারা পালিয়ে যায়। উপ-কমিশনার আরিফ বলেন, বাসার মালামাল ওলটপালট থাকলেও কিছু খোয়া গেছে বলে মনে হযনি। র‌্যাব-১ এর উপ-অধিনায়ক মোস্তাক আহমেদ সাংবাদিকদের বলেন, “ঘরের মধ্যে কিছু কাগজপত্র পাওয়া গেছে, যেগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লেখা। ওই কাগজপত্র দেখে মনে হচ্ছে জমি নিয়ে বিরোধের জের ধরে তাদের খুন করা হয়ে থাকতে পারে।” নিহতের দুই সন্তান ঘটনার পর শহীদনগরের বাসায় আসলেও বড় ছেলে সালাউদ্দিন সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। হত্যার কারণ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি মোসলে উদ্দিনও। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/জেকে/০৯২৯