ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে হাতব্যাগে বোমা বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার জুবায়ের আহমেদ ও নুরুল ইসলাম দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এই দুজন মহানগর হাকিম ফারহানা ইসলামের খাস কামরায় জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
গত ১৭ জুলাই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নারী কর্মী আয়েশা সিদ্দীকা আগারগাঁওয়ে তার হাতব্যাগে থাকা বোমার বিস্ফোরণে আহত হন।
সহকর্মী জুবায়ের মোড়কে ভরে বোমাটি আয়েশার ব্যাগে দিয়েছিল বলে অভিযোগ। জুবায়েরের ভাষ্য অনুযায়ী, তাকে বোমাটি দিয়েছিলেন নুরুল ইসলাম।
ওই বোমা তৈরি ও সরবরাহে জড়িত অভিযোগে মিরপুরের কাজীপাড়া ও ভাষানটেকের মাটিকাটা থেকে রোববার রাতে সোহরাব হোসেন উজ্জ্বল, খন্দকার এনামুল হক মিতুল ও এস এম আবু হোসেইন সারওয়ার নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘প্রেমের সম্পর্ক ভেস্তে’ যাওয়ায় আয়েশাকে হত্যার উদ্দেশ্যে বোমাটি ব্যাগে ঢুকিয়ে দেওয়ার কথা স্বীকার করেন জুবায়ের।
পুলিশের ওই কর্মকর্তা জানান, জুবায়ের তার বন্ধু নুরুল ইসলামের মাধ্যমে ভাড়াটে খুনি সোহরাবকে দিয়ে আয়েশাকে হত্যার পরিকল্পনা করেন।
এই হত্যাকাণ্ড ঘটাতে সোহরাব তার সহযোগী মিতুলের মাধ্যমে সারওয়ারকে দিয়ে বোমাটি তৈরি করায় বলে জুবায়ের স্বীকার করেন, বলেন আনিসুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/০০১০ ঘ.
bdnews24