ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ পরিদর্শকের পদমর্যাদা প্রথম শ্রেণী (নন গেজেটেড) এবং উপপরিদর্শকের পদ পর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছে সরকার।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। পুলিশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই পদমর্যাদা উন্নীত করার দাবি জানানো হচ্ছিল।
পরিদর্শককে প্রথম শ্রেণী এবং উপপরিদর্শককে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়ায় সিদ্ধান্ত পুলিশের কাজের মান বাড়াবে বলে মনে করেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতে পুলিশ কর্মকর্তারা নিজেদের পদ নিয়ে যে হীনমন্যতায় ভোগেন, তা দূর হয়ে যাবে। পুলিশের কাজের মান কয়েক গুণ বেড়ে যাবে।”
পুলিশের তথ্য অনুযায়ী, বাহিনীতে ২ হাজার ৩০০ জন পরিদর্শক এবং ১২ হাজার ৫০০ জন উপপরিদর্শক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেটি/এমআই/১৯৫৯ ঘ.
bdnews24