কুমিল্লা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাসুক।
নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কলমিয়া গ্রামের আলী আহমদের ছেলে লুৎফর রহমান (৪০), কুমিল্লার মুরাদনগর উপজেলার লাদৈর গ্রামের পুন্না মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৬০), কুমিল্লার লাকসাম উপজেলার পুষ্করণী গ্রামের শহীদুল্লাহ মজুমদারের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) ও কুমিল্লার বরুড়া উপজেলার জাগানিয়া গ্রামের গৌরিশংকরের ছেলে দীপক (২২)। এদের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের স্বজনরা নিয়ে গেছে।
অপর নিহত অজ্ঞাত পুরুষ যাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লা হাইওয়ে পুলিশের ময়নামতি থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইলিয়টগঞ্জ বাজারের কাছে কুমিল্লা থেকে ঢাকাগামী প্রাইম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।
এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং একজন পথচারী ও দুইজন বাসযাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং ১৫ জন আহত হয়।
আহতদেরকে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে ভর্তি করার পর সেখানে আরো দুইজন মারা যায়।
পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করেছে।
এ ব্যাপারে দাউদকান্দি থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭২৫ ঘ.
bdnews24