বগুড়া, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের হামলায় তিন ছাত্রদল নেতা আহত হওয়ার দু’দনি পর ‘স্বাস্থ্যগত’ কারণ দেখিয়ে পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) অধ্যক্ষ।
বৃহস্পতিবার প্রফেসর মাহবুব করিম জানান, অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বুধবার তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, “স্বাস্থ্যগত কারণে এনাটমি বিভাগের প্রধান ও কলেজ অধ্যক্ষের দায়িত্ব একসঙ্গে পালন করা সম্ভব হচ্ছে না। তাই পরিবারের সঙ্গে আলোচনা করে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছি।”
শজিমেকে গত সোমবার বিকেলে ছাত্রলীগের হামলায় তিন ছাত্রদল নেতা আহত হন। এদের মধ্যে দুজনকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। দুই ছাত্র সংগঠনের উত্তেজনার মধ্যে মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সভায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়। খালি করে দেওয়া হয় হোস্টেলও।
সব ছাত্রছাত্রী হল ছেড়ে গেলেও হোস্টেলে থেকে যান ৪০ শিক্ষানবিশ চিকিৎসক। হোস্টেলে থাকা নিয়ে বুধবার কলেজ অধ্যক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডাও হয় বলে জানিয়েছেন শিক্ষানবিশরা।
এদিকে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি রাসেল পারভেজ জানান, গুটি কয়েক ছাত্রের কারণে গোটা কলেজে বন্ধ হতে পারে না। এছাড়াও কলেজে ৩টি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ পরীক্ষা চলছিল।
হামলার ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্যই কৌশলে কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদল কলেজ শাখার সভাপতি এম এম নাসিমুজ্জামান।
কলেজ অধ্যক্ষ মাহবুব করিম জানিয়েছেন, একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে কলেজ বন্ধ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১২৩ ঘ.
bdnews24