বরিশাল, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া অভিযোগে মামলা করায় বাবুগঞ্জের বাবুল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন এবং বাদির নারাজি আবেদনের শুনানির পর বৃহস্পতিবার বরিশালের হাকিম শাহীনুর আক্তার এই আদেশ দেন।
স্ত্রীর শ্লীলতাহানি, লুটপাট, ভাংচুরের অভিযোগ এনে রাজকর গ্রামের বাবুল ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর এই মামলা করেন। মামলায় ওই গ্রামের চার সহোদরসহ ১২ জনকে আসামি করা হয়েছিল।
অভিযোগ দায়েরের পর পর আদালত বাবুগঞ্জ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।
মামলায় বাবুল অভিযোগ করেন, তার জমি দখলের জন্য আসামিরা হামলা চালিয়ে তার স্ত্রীর শ্লীলতাহানি করে। পরে ঘরে থাকা ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে।
আদালতের নির্দেশে বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন তদন্ত শেষে ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেন।
অভিযোগ তদন্তে না পাওয়ায় তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদনে বাদি বাবুল হোসেনের বিরুদ্ধে ভুয়া অভিযোগ করায় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
এরপর গত ৯ জানুয়ারি বাবুল আদালতে চূড়ান্ত প্রতিবেদনের ওপর আপত্তি জানিয়ে পুনঃতদন্তের আর্জি জানান।
বৃহস্পতিবার দুই পক্ষের উপস্থিতিতে তদন্ত কর্মকর্তার প্রতিবেদন ও বাদির আর্জির শুনানি শেষে আদালতের আদেশ হয় বলে আসামি পক্ষের আইনজীবী মোস্তফা জামাল খোকন সাংবাদিকদের জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৩ ঘ.
bdnews24