২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে টায়ার পুড়িয়ে তেল: দূষিত হচ্ছে পরিবেশ

পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজীপুরের একটি কারখানা টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

আবুল হোসেন গাজীপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গাজীপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজীপুরের একটি কারখানা টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন, এতে ভাওয়াল মির্জাপুর কাইঞ্জানুল এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এর আগে রেডিয়েন্ট রিনিওয়েবল এনার্জি লিমিটেড নামে ওই কারখানাকে পরিবেশ দূষণের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে সরেজমিনে কারখানাটিতে গাড়ির টায়ার পুড়িয়ে তেল উৎপাদন কার্যক্রম চালু থাকতে দেখা যায়। এ সময় কারখানার বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী তাদের নানা সমস্যার কথা জানান। মো. আব্বাস উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি জানান, কারখানা থেকে নির্গত কালো ও দুর্গন্ধযুক্ত বিষাক্ত ধোঁয়ায় ফলজ গাছের মুকুল ঝড়ে পড়েছে। কিছু ফলমূল টিকে থাকলেও সেগুলো খাওয়ার অনুপযুক্ত। এছাড়া চারপাশের ঘরবাড়ি, গাছপালা, পুকুর, জামা কাপড়, ফসলের মাঠসহ সর্বত্রই কালি ছড়িয়ে পড়ছে। দূষণের ফলে ছেলে জাহাঙ্গীর আলম ও স্ত্রী জহুরা আব্বাসের শ্বাসকষ্ট ও চর্মরোগ দেখা দিয়েছে বলে জানান তিনি। মেহেরজান নামে এক গৃহবধূ জানান, কারখানাটি চালু করার পর থেকেই তার শ্বাসকষ্ট ও চর্মরোগ দেখা দিয়েছে। তার বিশ্ববিদ্যালয় পড়–য়া ছেলে রিফাত হোসেন সবুজও চর্মরোগে আক্রান্ত হয়েছে। গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে এক ধরনের তেল উৎপাদন করা হয় ওই কারখানাতে, যা জেনারেটরের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এতে প্রচুর কালো ধোঁয়া নির্গত হয়। তিনটি পাইপ দিয়ে এসব বাতাসে ছড়াচ্ছে। অবশ্য কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহসিন হাবিব দাবি করেছেন, তারা সব ধরনের অনুমতি নিয়েই তেল উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন। পরিবেশ অধিদপ্তর না বুঝে জরিমানা করেছিল বলেও দাবি করেন তিনি। অন্যদিকে কারখানার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম হুমকি দিয়ে বলেন, “আপনাদের মতো বহু সাংবাদিক কারখানার বিরুদ্ধে প্রতিবেদন লিখেছে, তাদের কি অবস্থা হয়েছে খোঁজ নিয়ে দেখেন।” এসব বিষয়ে যোগাযোগ করা হলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনির চৌধুরী জানান, মারাত্মক পরিবেশ তথা বায়ু দূষণের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম ফেব্রুয়ারি মাসে এ কারখানাটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছিল। পাশাপাশি কারখানাটি বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৯৪১ ঘ.