ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাঘমারা থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ হত্যা মামলার ৫ আসামিকে খালাস দিয়েছে হাই কোর্ট।
এদের মধ্যে মো. আলী খাজা এম এ মজিদ, মো. জাহাঙ্গীর আলম, মো. শুকুর আলী প্রামানিককে মৃত্যুদণ্ড এবং মো. নওশাদ ওরফে নওশের ও আব্দুর রাজ্জাক সরকার শ্যামলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মো. ইমদাদুল হক আজাদের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি করে তাদের খালাস দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
বাঘমারা বিএনপির সভাপতি আব্দুল হামিদ ২০০৩ সালের ৯ নভেম্বর বোয়ালিয়া থানায় তার শ্বশুড় বাড়ির কাছে খুন হন।
এ ঘটনায় নিহতের স্ত্রীর বড় ভাই আব্দুল ওয়াসেক ওরফে লাল বাদি হয়ে বোয়ালিয়া থানায় মামলা করেন।
এজাহারে বলা হয়, ঘটনার দিন ইফতারের পর শ্যালক আব্দুল ওয়াহেদকে সঙ্গে নিয়ে আব্দুল হামিদ শ্বশুড় বাড়ি থেকে বের হন। পথে আসামিরা তাদের ঘেরাও করে গুলি করে। পরে মৃত্যু নিশ্চিত করতে আব্দুল হামিদে জবাই করে তারা।
২০০৬ সালের ১৮ অক্টোবর রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এএফএম আমিনুল ইসলাম এ মামলার রায় দেন। আসামি খাজা এমএ মজিদ, মো. জাহাঙ্গীর আলম, মো. শুকুর আলী প্রামানিককে মৃত্যুদণ্ডাদেশ দেন তিনি।
এছাড়া মো. নওশাদ ওরফে নওশের, মো. জইদুল ইসলাম, আসাদুল ও রাজ্জাক সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জারিমানা, অনাদায়ের আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়।
এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনসহ নওসের ও রাজ্জাক আপিল করেন। বাকি দুজন পলাতক রয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিরা ঘটনাস্থলে ছিলেন বলা হলেও এটাও প্রমাণ করতে পারেননি সরকারপক্ষ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৮০১ ঘ.
bdnews24